বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় নির্মাণাধীন দ্বি-তল ভবনের ছাদ থেকে পরে শাকিল আহম্মেদ (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ছাত্র রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছে। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনট উপজেলার সাতবেঁকি গ্রামের কৃষক ওয়াহেদ বক্সের ছেলে শাকিল সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সোনাহাটা বাজারের চারমাথায় নান্দিয়ারপাড়া গ্রামের সহোদর মোর্শেদ
ফকির ও ছানা ফকির নামে নির্মানাধীন একটি বাণিজ্যিক ভবন রয়েছে। ওই ভবনের নিচতলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখা কার্যালয় রয়েছে। দ্বিতীয় তলায় ভবনের নির্মানকাজ চলছে। ওই
ভবনের ছাদে প্রায়ই এলাকার কিশোর-তরুণ ও যুবক ছেলেরা আড্ডা দেয়। বুধবার সকাল ১১টার দিকে শাকিল আহম্মেদ তার দুই বন্ধুর সাথে ওই ভবনের ছাদে ওঠে। এর কিছুক্ষণ পর শাকিল দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে যায়। এ সময় শাকিল বাঁচার জন্য ভবনের সামনে থাকা বৈদ্যুতিক তার স্পর্শ করে।
ঘটনার সময় ছাদ থেকে নেমে দৌড়ে পালায় তার দুই বন্ধু। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতরআহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত শাকিলের নানা সাবেদ আলী জানান, তার নাতি কীভাবে ছাদ থেকে পড়ে গেছে এবং এ সময় তার সাথে কারা ছিল সে সম্পর্কে তার কিছু জানা নেই।
ওসি ইসমাইল হোসেন বলেন, স্কুল ছাত্র ছাদ থেকে পড়ে আহত হবার ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।