বাংলা হেডলাইনস গাজীপুর : সামিট গ্রুপের অর্থায়নে গাজীপুর সিটির কড্ডা এলাকায় ৩৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা বিশিষ্ট ভবন উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে . কর্ণেল ( অব:) মুহাম্মদ ফারুক খান এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ।
গাজীপুরে অবস্থিত সামিট গাজীপুর বিদ্যুত কেন্দ্র ( ৪৬৪ মেগাওয়াট ) সংলগ্ন এলাকায় সামিটের অর্থায়নে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নতুন করে নির্মাণ করা হয়। সামিট গ্রুপের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় মোট ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ০.৮ একর জমির উপর নতুন এই তিনতলা স্কুল ভবনটি নির্মাণ করা হয় ।
সামিট গ্রুপের পক্ষ থেকে সামিট গাজীপুর ২ পাওয়ার এবং এইস অ্যালায়েন্স পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনকে এই জমিসহ স্কুল ভবনটি হস্তান্তর করেন।