বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া ডিবি পুলিশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সক্রিয় সদস্য হামিদুর রহমান ওরফে খালেদ মাহমুদ ওরফে আবু তাসফিয়া সুমনকে (৩৯) গ্রেফতার করেছে।
সোমবার মধ্য রাতে তাকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে গ্রেফতারের সময় তার কাছে জিহাদী বই ও লিফলেট পাওয়া গেছে।
ডিবি পুলিশের এসআই ফিরোজ মঙ্গলবার শিবগঞ্জ থানায় মামলা করেছেন। বিকালে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা আহমেদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। ডিবি ইনচার্জ আবদুর রাজ্জাক এ তথ্য দিয়েছেন।
দুপুরে পুলিশ ও এজাহার সূত্র জানায়, জঙ্গি সুমন নরসিংদী জেলার রায়পুর উপজেলার কাচারীকান্দি গ্রামের মাওলানা মাহমুদুর রহমানের ছেলে।
গোপনে খবর পেয়ে সোমবার রাত ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে অভিযান চালিয়ে জঙ্গি সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে নিষিদ্ধ ঘোষিত পাঁচটি জিহাদী বই ও ১০টি লিফলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানান, তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সক্রিয় সদস্য। দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করছিলেন।
সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথে তার যোগাযোগ ছিল। তিনি নিষিদ্ধ আনসার আল ইসলামকে সংগঠিত করতে দাওয়াতি কার্যক্রম ও ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছেন।
সুমন নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় দুটি মামলার পলাতক আসামি। মঙ্গলবার শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ খবর পাঠানো পর্যন্ত আদালতে শুনানি শুরু হয়নি।