বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য মন্ডল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল মজিদ মন্ডল মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর স্বজনরা জানান আব্দুল মজিদ মন্ডল দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। তিনি কৃত্রিম অক্সিজেন নিয়ে বেঁচে ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
অসুস্থ্ থাকায় তিনি একাদশ সংসদ নির্বাচনে নিজে অংশ নিতে না পারায় তার ছেলে আব্দুল মমিন আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বিকেলে আবদুল মজিদ মন্ডলের প্রতিষ্ঠিত রূপনাই মাদ্রাসা ও ঈগগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
বাদ জুমা নামাজ পূর্ব আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, মরহুম আবদুল মজিদ মন্ডলের বড় ছেলে এমপি আবদুল মমিন মন্ডল, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি কে.এম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আবদুস ছামাদ তালুকদারসহ দলীয় ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবদুল মজিদ মন্ডলের জানাযায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।