বাংলা হেডলাইনস গাজীপুর: স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সারাদেশে এলজিইডির আওতাধীন রাস্তা ও ব্রিজ নির্মাণের জন্য বাজেট বাড়ানো হয়েছে। টেকসই নির্মাণ কাজের জন্যে প্রকৌশলী ছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক-রাজমিস্ত্রি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি মঙ্গলবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেছেন।
এ সময় তিনি গাজীপুর সিটিতে চলমান বিভিন্ন প্রকল্প এর কথা উল্লেখ করে বলেন, সিটি মেয়র জাহাঙ্গীর আলম আমাকে অনেকগুলো রাস্তা পরিদর্শন করেছেন। নির্মাণ কাজ চলমান আছে। জায়গায় প্রশস্ত করে রাস্তা নির্মাণ করা হচ্ছে।
অনেক অনেক প্রকল্প একসাথে চলমান রয়েছে। এগুলোর মানসহ সার্বিক বিষয় আমাকে সত্যিকারে মুগ্ধ করেছে। জনপ্রতিনিধি হিসেবে মেয়র জাহাঙ্গীর আলমের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন সত্যিই প্রশংসনীয়।
তারপরও এগুলো যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় থাকে সেজন্য আমাদের মনিটরিং রয়েছে।
মন্ত্রী আরো বলেন, এক সময় এলজিইডির কম ব্যায়ে অধিক কাজ করার দায়িত্ব ছিল। ওদের আর্থিক অবস্থা খারাপ হলেও মন্ত্রী হওয়ার পরে বিষয়টি চিহ্নিত করেছি। টেকসই রাস্তা করার জন্য এস্টিমেট ডিজাইন এসকল পরিবর্তন করেছি। গুণগতভাবে মানসম্মত ও টেকসই কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে গাজীপুর মহানগরের পূবাইল, গাছা, বাসন ও সদর থানার নির্মাণাধীন রাস্তা, ড্রেনসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পরে গাজীপুরে এলজিইডির চলমান উন্নয়ন কর্মকান্ড নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
এ সময় গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহউদ্দিন , প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন, পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বারেকসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।