বাংলা হেডলাইনস: দেশে বহু প্রতীক্ষিত প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকাপ্রদান কর্মসূচির আজ বুধবার উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে করোনা টিকা (ভ্যাকসিন) প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা প্রদানের মাধ্যমে দেশে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন প্রথম সারির করোনাযোদ্ধা টিকা নেন।
করোনা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সারাদেশেই টিকা দেওয়া হবে।

তিনি বলেন যাতে বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষা পেতে পারে সে ব্যবস্থা তাঁর সরকার করবে।
শেখ হাসিনা ভারত সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসাবে দেওয়ার জন্য।
প্রধানমন্ত্রী জানান ‘আমরা যে তিন কোটি ৪০ লক্ষ ডোজ ভ্যাকসিন কিনেছি তার মধ্যে ৫০ লক্ষ ডোজ এসে গেছে। এরপর থেকে আরও আসতে থাকবে’। তিনি বলেন কোন সমস্যা হবে না।
প্রধানমন্ত্রী সকলের সহযোগিতা চান যাতে সবকিছু সুষ্ঠভাবে হয়।
তিনি বলেন আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন হলো। বিশ্বের অনেক দেশে এখনও (ভ্যাক্সিনেশন) শুরু করতে পারেনি।
শেখ হাসিনা বলেন সেখানে বাংলাদেশের মত একটি ঘনবসতিপূর্ণ সীমিত অর্থনীতির দেশ শুরু করেছে। এটাই প্রমাণ করে তাঁর সরকার মানুষের কল্যাণে কাজ করে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী করোনার টিকা প্রদান শুরু হওয়ার কথা রয়েছে।