বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের আলোচিত আইনজীবী সোহেল হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সায়মন শাহরিয়ার ওরফে সজল(২৫) দীর্ঘ ১১ বছর পর গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার সজলকে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, তাদের একটি অপারেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে গাজীপুর জেলার জয়দেবপুর থানার হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ জনপদের মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি টিম ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ জনপদের মোড়ের একটি বাসায় অভিযান চালায়। অভিযানকালে হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি সজলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সজল ২০০৮ সালে গাজীপুর জেলার জয়দেবপুর থানার দক্ষিন ছায়াবিথী এলাকায় ভিকটিম ফিরোজ্জামান ওরফে সোহেল(২৮) কে অপরাপর আসামিরা মিলে নৃশংসভাবে খুন করে। পরবর্তীতে খুনের মামলা থেকে গ্রেফতার এড়ানোর জন্য পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। বিজ্ঞ আদালত মামলার বিচার শেষে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডাদেশ ও দশ হাজার টাকা জরিমানার রায় দেন।