বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরিধান নিশ্চিত করতে রাঙ্গামাটি শহরে মোবাইল কোর্ট অভিযানে নেমেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুম্পা ঘোষ রাঙ্গামাটি শহরের ব্যস্ততম এলাকা বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক না পরার দায়ে ৪ জনকে জরিমানা করা হয় এবং লোকজনকে সতর্ক করে দেয়া হয়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার রুম্পা ঘোষ শহরের বনরূপা এলাকায় সচেতনতামূলক অভিযান চালায়। এ সময় মাইকিং করে মাস্ক পরতে জনগনকে উদ্বুদ্ধ করা হয়।
এছাড়া বিভিন্ন দোকান, পথচারী, সিএনজি চালক, বাস চালকসহ জনসাধারণের মাঝে মাস্ক পরার সচেনতা বৃদ্ধিতে প্রচারনা চালানো হয়।
সহকারী কমিশনার রুম্পা ঘোষ জানান, দেশে আবারো নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ হার যেমন বৃদ্ধি পেয়েছে সেই সাথে মৃত্যুর হারও বেড়ে গেছে তাই মানুষের মাঝে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসন থেকে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।