বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : আসন্ন পবিত্র রমযানকে সামনে রেখে কোন অসাধু ব্যবসায়ী যাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও মজুদ করে রাখতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, রাঙ্গামাটির একটি সুনাম রয়েছে তা আমাদের সকলকে ধরে রাখতে হবে। তিনি বলেন, রমযানে এইসব অসাধু ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে তার জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের মোবাইল টিমগুলো প্রতিদিন সক্রিয় থাকবে বলে সভায় অবহিত করেন।
আজ মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমযান মাসে জেলার বাজার সমুহগুলোর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জরুরী সভায় তিনি এ আহবান জানান।
সভায় জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক, প্রেস ক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, জেলা বাজার কর্মকর্তা মো: এমদাদুল হকসহ জেলা শহরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সকল বাজারগুলোতে সকল দোকানগুলোয় মুল্য তালিকা এবং বাজার মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এইসব সিদ্ধান্ত যদি মানা না হয় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বক্তারা।