বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদ আর নেই।
তিনি আজ দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যক্ষ আলী আহমেদ বেশ কিছু দিন ধরে বেশ অসুস্থ ছিলেন। গতকাল তাঁর হার্ট ও কিডনির কোনটাই ঠিকমতো কাজ করছিল না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
সাতক্ষীরা মহকুমার কলারোয়া থানার মুরারীকাটি গ্রামের ১৯৪৪ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সাবেক এই সংসদ সদস্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর সনদ লাভ করেন। ১৯৬৪ সালে দৈনিক পূর্বদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত হন।
১৯৭২ সালের ১০ জানুয়ারি প্রকাশিত খুলনার সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালের পূর্বাঞ্চল দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করলে তিনি নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালে তিনি বাকশালে যোগ দেন। ১৯৭৭ সালে দৈনিক অর্ণিবাণ সম্পাদনা করেন। ১৯৭২-৭৮ খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ৯১-৯২ সালে সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালনও করেন। ১৯৮৮ ও ৮৯ সালে বাংলাদেশ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি নির্বাচিত হন।
জীবনের প্রথম দিকে মুসলিম লীগের নীতি আদর্শে পরবর্তীতে বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসী হয়ে বিএনপিতে যোগ দেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
১৯৯৬ সালের বিএনপির মনোনয়নে সাতক্ষীরা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।