বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সোমবার দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের
উপজেলার জোকারচর এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হয়।অবরোধের কারণে মহাসড়কে সকল ধরনের পরিবহণ চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে পরিবহণ আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মহাসড়কে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল অবৈধভাবে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসলেও এটি বন্ধের জন্য প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অপরিকল্পিতভাবে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করায় বন্যার সময় ওই এলাকায় ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনে শত শত বসতভিটা, রাস্তাঘাট ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
রোববার ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে বাধা দেয় স্থানীয়রা। কিন্তু পুলিশ ড্রেজার মালিকদের গ্রেফতার না করে বালু উত্তোলনের বিরুদ্বে প্রতিবাদকারী এমন একজনকে আটক করে। আটক মাসুদ রানা জোকারচর এলাকার চান্দু সরকারের ছেলে।
মাসুদের আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সোমবার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় মহাসড়ক অবরোধ করে মাসুদ রানাকে মুক্তি ও বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ করে।
পরে কালিহাতীউপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।