বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে দেশে চলমান লকডাউন এর অংশ হিসাবে রাঙ্গামাটিতে নতুন বিধিনিষেধ আরোপ করে কঠোরভাবে লকডাউন শুরু হয়েছে।
অন্যদিনের তুলনায় বেশ ফাঁকা শহরের রাস্তাগুলো।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে লকডাউন কার্যকর করতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে। জেলা প্রশাসনের সাথে শহরে সেনাবাহিনীর টহল ছাড়াও বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে বিজিবি ও পুলিশ। তারা বিভিন্ন চেকপোস্টে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
অন্যদিকে, শহরে ওষুধ ও হোটেল দোকান ছাড়া অন্যসব দোকান ও শপিংমল বন্ধ রয়েছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি আগের তুলনায় অনেক কম। সকল প্রকার যানবাহন ও নৌ চলাচল বন্ধ রয়েছে।
তবে ব্যাংক, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিষ্ঠানের যানবাহনে অথবা পরিচয়পত্র নিয়ে বের হতে দেখা গেছে।
এছাড়া কাঁচাবাজারসহ বিভিন্ন প্রয়োজনে মানুষ বাইরে বের হয়েছেন। তারা দ্রুত কাজ সেরে বাসায় চলে আসে।
রিকশাবিহীন রাঙ্গামাটি শহরে অটোরিক্সা বন্ধ থাকায় কার্যত সরকারের বিধিনিষেধ সফল ভাবে পালিত হচ্ছে।
রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এসময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।