বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের চামড়া পট্টি রেলওয়ে ইয়ার্ড থেকে বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত বেকু মেশিন ও বুলডোজার দিয়ে শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের (পাকশী) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান। রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী জুয়েল মিয়া সাংবাদিকদের জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২৭ হাজার একর জমির মধ্যে আড়াই হাজার একর জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। রেলের এসব জমি দখলমুক্ত করে নিজস্ব সম্পদ নিয়ন্ত্রণে নেয়া হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করা ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তিনি আরো বলেন, সকাল থেকে শহরের চামড়াপট্টি থেকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে এ উচ্ছেদ অভিযান চলবে।
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েএই উচ্ছেদ অভিযানে সরকারি জমি উদ্ধার হওয়ায় প্রশংসার সৃষ্টি হয়েছে। এ অভিযানে রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।