বাংলা হেডলাইনসঃ বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ।
তাঁর জানাযা নামাযে অংশগ্রহণ করেন বিএনপি ছাড়া আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও সকলস্তরের মানুষ।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার লাশ নিউইয়র্ক থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে। সেখান থেকে সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী খোকার মরদেহ নিয়ে আসা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে সকাল ১১ টায় ঢাকায় তাঁর ১ম জানাযা নামায হয়। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাযায় অংশগ্রহণ করেন।

দক্ষিণ প্লাজা থেকে দুপর ১২ টায় জাতীয় পতাকা দ্বারা মোড়ানো খোকার কফিন আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে । সেখানে সকল শ্রেণী ও পেশার মানুষ খোকার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনার থেকে বেলা ১ টার পর খোকার কফিন আনা হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে বাদ যোহর জানাযা নামাজের পর বিএনপি, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা খোকার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে তাঁর কফিনে ফুলের মালা রাখেন।
পরে খোকার কফিন নিয়ে যাওরা হয় ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ কার্যালয়ে সেখানে বিকাল ৩ টায় তাঁর জানাজা নামায হওয়ার পর খোকার লাশ তাঁর গোপীবাগ বাসভবনে নিয়ে যাওয়া হবে। বাদ আসর খোকার শেষ জানাযা গেণ্ডারিয়ার ধুপখোলার মাঠে হওয়ার পর খোকাকে জুরাইনে তাঁর বাবা-মার কব্রেরে পাশে দাফন করা হবে।
সাদেক হোসেন খোকা গত সোমবার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন।
সোমবার খোকার প্রথম জানাযা নামায হয় নিউইয়র্কের জ্যামাইকার জ্যাকসন হাইটসের মুসলিম সেন্টারে।