বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালে মানিকগঞ্জে অকারণে ঘর থেকে বের হওয়ায় গত ২৪ ঘণ্টায় ১৪৬ জনকে ১ লাখ ৭২হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সে সময় জেলায় ১২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, অকারণে ঘর থেকে বের হওয়া ব্যক্তি, মোটরসাইকেল, ইজিবাইকসহ সড়ক-মহাসড়কে চলাচল ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টিগোচর হওয়ায় এই অর্থদণ্ড করা হয়েছে ।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিবিধান যথাযথভাবে পালনের লক্ষ্যে আমরা কাজ করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। জেলার সব উপজেলাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সরকারি নির্দেশনা রক্ষা ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে আজ রবিবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে যাত্রী ও যানবাহন অনেক কম রয়েছে। কিছু মানুষ জরুরী প্রয়োজন দেখিয়ে হেঁটে কিংবা রিক্সায় ঢাকামুখী যাচ্ছে। কেউ আবার চিকিৎসা কিংবা জরুরী প্রয়োজনে মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছে। তবে, জরুরি পণ্যের গাড়িগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশী চেকপোষ্ট বসানো হয়েছে। বিধিনিষেধের আওতামুক্ত যানবাহন ছাড়া যেকোন যানবাহনকে আটকিয়ে দেয়া হচ্ছে।
এছাড়া মানুষ বিনা কারণে ঘর থেকে বের হলে তাদের জিজ্ঞাসা করা হচ্ছে। সচেতনতার পাশাপাশি অকারণে যারা ঘোরাফেরা করছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হচ্ছে।
জেলা তথ্য অফিসের পক্ষ থেকে করোনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও লকডাউনের বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে জেলা শহরসহ অন্যান্য এলাকায় মাইকে প্রচার- প্রচারণা করছে।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। ফেরিতে রোগী ও লাশবাহী অ্যাম্বুলেন্স, জরুরি পণ্যবাহী গাড়ির পাশাপাশি যাত্রী, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস চলতে দেখা গেছে।
তবে নৌপথেও যাত্রী ও যানবাহনের সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম।
জরুরী পরিষেবার যানবাহন ও জরুরী পন্যবাহী ট্রাক পারাপারের জন্য ৬টি ফেরি চলাচল করছে । ওইসব ফেরিতে অ্যাম্বুলেন্স ও জরুরী পরিষেবার যানবাহনের সঙ্গে ওঠে যাচ্ছে যাত্রী ও মোটরসাইকেল ।