বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ যাবৎ ৫কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। এই টিকাদান কার্যক্রম অব্যহত রয়েছে।
আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষকে করোনা টিকা দেয়া হবে। এবং আগামী মার্চ মাসের মধ্যে দেয়া হবে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে। আর সেই টিকা দেয়ার জোগানও এরই মধ্যে হয়ে গেছে।
এছাড়া খুব শিগগিরই ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদেরও টিকা দেয়ার কাজ শুরু হবে।
আজ শনিবার দুপুরে মন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সকল পুজা মন্ডপ উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন।
আসন্ন দুর্গাপুজার উৎসবে সবাইকে স্বাস্থ্যসেবা মেনে উৎসব পালনের আহবান জানান মন্ত্রী।
এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক, মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মো: গোলাম আজাদ খানসহ জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।