বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার এক ব্যক্তিকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
দণ্ডাদেশপ্রাপ্ত জাফর আলী উল্লাপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মামলার বিবরণ থেকে তিনি জানিয়েছেন, ২০০৪ সালে জাফর আলীর সঙ্গে জেলার বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে হাসি খাতুনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাফর আলী যৌতুকের জন্য হাসিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। এরই এক পর্যায়ে ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে হাসিকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকারিয়া হোসেন বাদী হয়ে জাফর আলীসহ ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে জাফর আলীকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ সকাল সাড়ে ১২টার দিকে আসামির উপস্থিতিতে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।