বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যাদের ভোটার আইডি কার্ড নেই তারাও টিকা নিতে পারবেন। যারা এখনো টিকা নেননি তাদের সবার জন্যই টিকার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন রেজিষ্ট্রেশন থাকুক বা না থাকুক ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গেলেই টিকা নেওয়া যাবে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্রসেন্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, এখনো দেশে করোনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। করোনা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। করোনা নিয়ন্ত্রনে টিকার একটি বড় ভূমিকা রয়েছে।
করোনা নিয়ন্ত্রণ না হলে দেশের অর্থনীতির চাকা স্থবির হয়ে যাবে, লেখাপড়া, স্বাস্থ্যসেবাসহ উন্নয়ন কর্মকান্ড বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক দিন ধরেই সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে।
আমেরিকা দুই হাজার, রাশিয়া ১২ থেকে ১৩শ, ইউরোপে চার থেকে পাঁচশ ও ভারত দুই থেকে তিনশজন প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন। আমাদের এখন টিকা নেওয়ার পাশাপাশি সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা হলেই একদিন আমাদের দেশে করোনা শূন্যের কোঠায় নেমে আসবে।
ইউপি নির্বাচন নিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, দলের মনোনীত প্রার্থীর বিরোধীতা করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে বিরোধীতা করা। এই বিরোধীতাকারীদের কোনভাবেই বরদাস্ত করা হবে না। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে।
সারা দেশে ইউপি নির্বাচন হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে মানুষজন একজন আরেক জনের সাথে কোলাকুলি করেন। এতে করোনা ঝুকি রয়ে যায়। ইউপি নির্বাচনে প্রচারনার ক্ষেত্রে প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পদকগণ।