বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে মুরগির খামারে শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পর্শে সঞ্জিত কুমার (৩২) নামে এক কর্মচারির মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে। গাবতলী থানার ওসি সেলিম হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সঞ্জিত কুমার গাবতলীর পুরানবাজার এলাকার চুনিলালের ছেলে। তিনি হামিদপুর গ্রামে মামুন মন্ডলের মুরগির খামারের কর্মচারি ছিলেন। ওই খামারে মাঝে মাঝে শেয়াল হানা দিয়ে মুরগি নিয়ে যায়। শেয়ালের হাত থেকে মুরগি বাঁচাতে মালিক খামারের চারিপাশে জিআই তার দিয়ে ঘিরে সেখানে রাতে বিদ্যুৎ সংযোগ দেন। রাতের কোন এক সময় সঞ্জিত অসাবধানতাবশত: বিদ্যুৎস্পর্শে এলে মারা যান। সকালে তার লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।