বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশে খাদ্যশস্যের দাম কিছুটা বেড়েছে তবে দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
তিনি আজ শনিবার (১২ মার্চ) দুপুরে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সরু চালের দাম কিছুটা বেড়েছে, তবে মোটা চালের দাম বাড়েনি। আমরা খেটে খাওয়া গরীব মানুষ নিয়ে চিন্তিত। তাদের জন্য আমরা ওএমএসের মাধ্যমে চাল দিচ্ছি। কয়েকদিনের মধ্যে ৫০ লাখ পরিবারের মধ্যে ১০ টাকা দরে চাল বিতরণ করা হবে। গমের দাম আগেই বেড়েছে। তেলসহ কয়েকটি খাদ্যের উপর সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
এসময় তাঁর সঙ্গে ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, এফএওর এডিজি জং-জিন কিম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাজাহান কবিরসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মন্ত্রী ও তার সফর সঙ্গী কিউ দোংয়ু সদর উপজেলার বহুরিয়াচালা এবং কোলতিয়া গ্রামে মৎস্য ও পোল্ট্রি খামার এবং বোরো ধান ক্ষেত পরিদর্শন করেন।
আব্দুর রাজ্জাক বলেন, আমরা মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সকল কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি, যাতে কৃষিকাজ লাভজনক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।
এনবিআর যাতে পোলট্রি, ফিস ও ডেইরি শিল্পকে শিল্পখাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে, সে বিষয়ে কাজ চলছে বলে এসময় জানান মন্ত্রী।