বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ছয়দানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক শ্রমিক নিহতের গুজবে কারখানা শ্রমিকরা বাসে আগুন ধরিয়ে এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এসময় বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন ভাঙচুর করা হয়। দু’ঘণ্টা ধরে অবরোধের কারণে ঘটনাস্থলের দুইদিকে দীর্ঘ যানজট লেগে থাকায় যাত্রী সাধারণ পড়েন চরম দুর্ভোগে।
বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী
জানায়,
ছয়দানা এলাকার আলিফ ক্যাজুয়াল গার্মেন্টস কারখানার
ইলেকট্রিশিয়ান মনির হোসেন মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ২ টার দিকে খাবার খেতে
কারখানা থেকে বের হয়ে হেঁটে মহাসড়ক পারাপার হতে গেলে বাস চাপায় গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতালে নেয়া হলে পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
দুর্ঘটনায় মারা যাওয়ার গুজবে অন্যান্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে এসে
সৌখিন পরিবহনের একটি বাসে আটকে আগুন ধরিয়ে দেয়। মহাসড়ক অবরোধের সময় কমপক্ষে ১০টি
বাসসহ যানবাহন ভাঙচুর করা হয়েছে। অবরোধের কারণে মহাসড়কের যাত্রীরা পড়েন চরম
বিপাকে।
ঘটনাস্থলের দিকে অন্তত দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে দেখা যায় দুরদুরান্তের লোকজনকে। শ্রমিক বিক্ষোভের কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানা ছুটি হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় ওই এলাকায় গত এক বছরে অন্তত তিন জন শ্রমিক মারা গেছেন বাস ও ট্রাক চাপায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনা ও বাসে আগুন দেয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তিনি বলেন বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে ফুট ওভারব্রিজ, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ঘটায়। তাদেরকে বুঝিয়ে সুজিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে একটু দেরি হয়েছে। বিকেল সোয়া চারটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।