বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ ভ্রাম্যমাণ আদালত সোমবার দিনব্যাপী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে । পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ডিভিশনাল অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত, পাকশী রেলওয়ের সহকারী ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম, মাঠ কানুনগো শরিফুল ইসলামসহ রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাকশী রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২৭ হাজার একর জমির মধ্যে আড়াই হাজার একর জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। রেলের এসব জায়গা দখলমুক্ত করে নিজস্ব সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী দুই মাসে আরও ১৩টি অভিযান চালানো হবে।