বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে একই রাতে ৩ স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্যধলডোব গ্রামের ৮ম শ শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুন (১৩), পরে একই এলাকার হরিপুর গ্রামের ১০ম শ্রেণীর ছাত্রী আশা খাতুন (১৫) ও পৌর এলাকার ধানবান্ধিতে ৮ম শ্রেণীর ছাত্রী বিথী খাতুনের (১৩) বাল্যবিয়ে বন্ধ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেক কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মঈন উদ্দীন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।