বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির ভ্রাম্যমাণ আদালত বেশি মূল্যে কাপড় বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১১ ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বুধবার দুপরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাজারে বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বেশি মূল্যে কাপড় বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ কসমেটিক বিক্রি এবং টিনের দোকানে মূল্য তালিকা না থাকায় মেলা ফ্যাশনকে ৫ হাজার, হাবিব স্টোরকে ৭ হাজার, দত্ত ব্রাদার্সকে ৭ হাজার ও মনেরেখ শাড়ীকে ৭ হাজার ও টিনের দোকানকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এরআগে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশি মূল্যে কাপড় বিক্রি, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি এবং কসমেটিক পণ্যে আমদানিকারকের ট্যাগ না থাকায় এভারগ্রীন শপিং মল ২ হাজার টাকা, রিয়া বস্ত্রবিতান ৩ হাজার টাকা, চারুলতা ফ্যাশান ৩ হাজার টাকা, ঢাকা ফ্যাশান ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। ঈদ অজুহাতে ওই ব্যবসায়ীরা এসব অনিয়ম করছিল।
এ অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট থানার পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।