বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মী আবদুর রহিম সরকারকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ভাই আবদুল বাছেদ সরকার হত্যার দুদিন পর শনিবার রাতে সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে বাধা দেয়ায় তাকে খুন
করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নারুলী ফাঁড়ির এসআই বেলাল হোসেন জানান, রোববার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নামীয় আসামির মধ্যে রয়েছে বগুড়ার স্বেচ্ছাসেবক লীগের মনির হোসেন (৪০), জাতীয় পার্টির নেতা মো: ইলিয়াস (৪৮) ও বিএনপি নেতা ইকবাল হোসেন (৫০)।
গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে আবদুর রহিম মোটর সাইকেলে বাড়ি থেকে অদ্দিরগোলা বাজারে যান। এ সময় দুর্বৃত্তরা তার পথ রোধ করে অনেক লোকের সামনে ধারালো অস্ত্র দিয়ে মাথা, বুক ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থলে আব্দুর রহিম মারা যায়।