বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গের মানুষ বাড়ি ফিরতে শুরু করায় বঙ্গবন্ধু সেতুতে গাড়ির চাপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছে প্রায় ৩০ হাজার যানবাহন। এতে টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকারও বেশি।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত সেতুতে ২৯ হাজার ৮৫৭টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১৪ হাজার ৯৭৬টি এবং ঢাকামুখী লেনে চলেছে ১৪ হাজার ৮৮১টি যানবাহন। এতে উভয় টোল প্লাজায় টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা। এরমধ্যে পশ্চিম টোলপ্লাজায় এক কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা ও পূর্ব টোলপ্লাজায় এক কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।