বাংলা হেডলাইনস বুগুড়া : যে কারখানার সাইরেনের শব্দে শহরবাসী ঘুমাতে যেতেন ও ঘুম থেকে উঠতেন সেই ঐতিহ্যবাহী বগুড়া কটন স্পিনিং কোম্পানী লিমিটেড ২৮ বছর আগে বন্ধ হয়ে গেছে। বকেয়া বেতন ও অন্যান্য পাওনার জন্য আন্দোলন করতে করতে দুই হাজারের বেশি শ্রমিকের মধ্যে অনেকে অনাহার-অর্ধাহারে পৃথিবী থেকে বিদায়নিয়েছেন। মালিক পক্ষ আলোচিত ভান্ডারী পরিবার সমঝোতা করলেও আজ পর্যন্ত তাদের পাওনা পরিশোধ করেননি। অবশেষে বগুড়ার প্রথম যুগ্ম জেলা জজ মিলের ১৩ একরের বেশি জমি নিলামের আদেশ দিয়েছেন।
শ্রমিকদের পাওনা ৭৩ লাখ টাকা, সুদ ও মামলার খরচ প্রদানে আগামী বছরের ৬ জানুয়ারি আদালত চত্বরে নিলাম হবে। এ ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিষয়টি ডিক্রিদার শ্রমিক নেতা আবদুস সাত্তার তারা ও পাওনাদার কটন মিলের ম্যানেজিং ডিরেক্টরকে অবহিত করা হয়েছে। ভান্ডারী পরিবারের সদস্য তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী জানান, শ্রমিকদের পাওনা দুই-তৃতীয়াংশ পরিশোধ করা হয়েছে। তবে তারা এ ব্যাপারে কী সিদ্ধান্ত নিবেন সে ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন।
বগুড়া কটন স্পিনিং কোম্পানী লিমিটেড শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহবায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সভাপতি ও কমিউনিষ্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আবদুস সাত্তার তারা জানান, মালিকপক্ষ প্রায় দুই হাজার শ্রমিকের বেতন, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটিসহ অন্যান্য পাওনা প্রায় ৫ কোটি ৩২ লাখ টাকা বকেয়া রেখে গত ১৯৯১ সালের ২৮ জুলাই ঐতিহ্যবাহী কটন মিল বন্ধ করে দেন। তারা দীর্ঘদিন এ নিয়ে আন্দোলন- সংগ্রাম করেছেন। অর্থাভাবে বিনা চিকিৎসায় অনেক শ্রমিক মারা গেছেন। অনেকে মৃত্যুর প্রহর গুণছেন। মালিক পক্ষ তাকে ফোনে হত্যার হুমকি দিলে থানায় ডিজি করেছেন। তিনি পাওনা আদায়ে ২০০১ সালে বগুড়া যুগ্ম জজ আদালতে মামলা করেন। ২০০৭ সালের ২৭ নভেম্বর আদালতের উদ্যোগে মালিকপক্ষের সাথে সোলেনামা তৈরি হয়। সেখানে ৩ কোটি ৩২ লাখ টাকা ছাড় দিয়ে শুধু দুই কোটি টাকা দাবি করা হয়েছিল। ১৪ বছর মামলা চলার পর ২০১৫ সালের ১৬ জুলাই আদালত দুই বছরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধে ডিক্রি জারি করেন। এরপরও বকেয়া পরিশোধ না করায় ২০১৮ সালে ডিক্রি জারির মামলা করা হয়। সম্প্রতি প্রথম যুগ্ম জেলা জজ আগামী ২০২০ সালের ৬ জানুয়ারি আদালত চত্বরে বগুড়া শহরের শিববাটি মৌজায় কটন মিলের ১৩ একরের বেশি জমি নিলামের আদেশ দেন। ডিক্রিদারের প্রাপ্য বেতন ৭৩ লাখ টাকা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, সুদ ও অন্যান্য খরচ আদায়ে নিলাম হবে।