বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৭৩ শতক জমি দখলমুক্ত করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ দখলদারদের গড়ে তোলা ১৪টি দোকান ও একটি তৃতল ভবন ভেঙে মূল্যবান জায়গাটি দখলমুক্ত করে। পরে সেখানে জেলা পরিষদের সাইনবোর্ড দেয়া হয়েছে।
অভিযান চলাকালে জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, জেলা পরিষদের ভূমি উদ্ধার কমিটির আহ্বায়ক মাফুজুল ইসলাম রাজ, জেলা পরিষদ সদস্য রুহুল মোমিন তারিক, আবদুল করিম, জিয়াউল করিম শ্যাম্পু, ফজলুল হক, নাজনীন নাহার, সামসুন্নাহার আক্তার বানু, মাহফুজা খানম লিপি, সাইদ ফকির, জেলা পরিষদের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের সদস্য ও ভূমি উদ্ধার কমিটির যুগ্ম আহবায়ক মারুফ রহমান বলেন, জেলা পরিষদের অবৈধদখলকৃত ৭৩ শতক জমির স্থানীয় মুল্য প্রায় ১৫ কোটি টাকা। জায়গাটি জেলা পরিষদের ডাকবাংলো ছিল। প্রায় ৩০ বছর আগে মোফাখখর চৌধুরী ও তার লোকজন জায়গা দখল করে সেখানে দোকানপাট ও ভবন নির্মাণ করেন। এ নিয়ে মামলা হলে দখলবাজরা হেরে যান। মঙ্গলবার জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১৪টি দোকান ও একটি তৃতল ভবন ভেঙে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে। জেলা পরিষদের সদস্য ও ভূমি উদ্ধার কমিটির আহবায়ক মাফুজুল ইসলাম রাজ জানান, অবৈধ দখলমুক্ত জায়গাটি এখন জেলা পরিষদের সিদ্ধান্তক্রমে জনস্বার্থে ব্যবহার করা হবে।