বাংলা হেডলাইনস : আজ শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন। সবার চোখ কে হবেন নতুন সাধারণ সম্পাদক এই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির। শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি এটা শতভাগ নিশ্চিত।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৩ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন ।
সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ যেমন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে কারা আসছেন এই নিয়ে নানা আলোচনা চলছে সম্প্রতি আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী সংগঠনের ভিতর দুর্নীতি, চাঁদাবাজ-বিরোধী অভিযান চালানোর প্রেক্ষিতে। ইতিমধ্যে যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগে নেতৃত্বে নতুন মুখ এসেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বলেছেন ২১ তম জাতীয় সম্মেলন একটি মডার্ন ও স্মার্ট কমিটি উপহার দেবে।
তিনি বলেন নেত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের মাইন্ডসেট বুঝেন এবং কাউন্সিলররাও জানেন নেত্রী কি চান। নেত্রী তাঁর টীম তৈরি করবেন।
সাংবাদিকদরা তাঁর সাধারণ সম্পাদক পদে থেকে যাওয়ার সম্ভবনা আছে কি না এই প্রশ্নের জবাবে , সেতুমন্ত্রী কাদের বলেন এ ব্যাপারে আমি কিছুই জানিনা। আল্লাহ এবং নেত্রী জানেন।
আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক বলেন আগামী কমিটিতে পুরনোদের পাশাপাশি নতুন মুখ থাকবে।
তিনি সবাইকে শনিবার বিকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন। ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা ছাড়া দলের জন্য অন্য কেউ অপরিহার্য নয়।
সম্মেলনের কাউন্সিল অধিবেশন অর্থাৎ যে অধিবেশনে আগামী তিন বছরের জন্য দলটির নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে তা অনুষ্ঠিত হবে শনিবার সকাল ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউশনে ।
সাধারণ সম্পাদক পদের জন্য আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আব্দুর রাজ্জাক, হাছান মাহমুদ, মাহাবুবউল আলম হানিফ, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানকের নাম শোনা যাচ্ছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি. এম. মোজাম্মেল হক বৃহস্পতিবার বাংলা হেডলাইনসকে বলেন দলের ২১তম জাতীয় সম্মেলনে ৭ হাজার ৩৬৩ জন কাউন্সিলর এবং সমসংখ্যক ডেলিগেট অংশগ্রহণ করবেন। তিনি বলেন এর বাইরে ২০ হাজার সম্মানিত অতিথি এবং দেড় হাজার ভিআইপি অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেন থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু।
২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।