বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ, ভাংচুর, লুটপাট, পেট্রোল বোমা নিক্ষেপসহ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পৌর এলাকার পুরাতন ভাঙ্গাবাড়ি ও নতুন ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা চলছিল বেশ কয়েকদিন ধরে। এরই জের ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া, দফায় দফায় সংঘর্ষ, ভাংচুরের ঘটনা ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটে। সংঘর্ষকারীরা কাঠেরপুল থেকে শহরের বাহিরগোলা পর্যন্ত সড়ক ব্যারিকেড দিয়ে পুরো এলাকাজুড়ে সহিংসতা চালতে থাকে। সংঘর্ষে দেশীয় অস্ত্র, তীর এবং বাটাল ব্যবহারও করা হয়েছে। শুক্রবার রাতে সংঘর্ষ ভয়াবহ রূপ ধারণ করলে মানুষের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ও জেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায় এবং ৫ জনকে আটক করে। সংঘর্ষের সময় সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলা এবং পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। এ ঘটনায় এসআই পতিন চন্দ্র ভৌমিক বাদি হয়ে শনিবার সকালে থানায় মামলা দায়ের করেছেন। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।