বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দুই হাজার টাকার বেশি সেশন ফি না নিতে অনুরোধ জানিয়েছেন, উচ্চ আদালতে রিটকারী একজন ব্যবসায়ী।
তিনি হাই কোর্টের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ২৮ ডিসেম্বর বগুড়া শহরের সাতমাথায় সকাল ১১ টায় অভিভাবকদের মানববন্ধন এবং ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক এবং শিক্ষা কর্মকর্তার নিকট স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন।
রিটকারী ব্যবসায়ী শুকরা এন্টারপ্রাইজের মালিক, আবদুল মান্নান আকন্দ মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান ও ঘোষণা দেন।
তিনি বলেন হাইকোর্টের নির্দেশনা অনুসারে এখন থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠান এর বেশি সেশন ফি নিতে পারবে না।
আক অতিরিক্ত আদায় করা ফি শিক্ষার্থীদের ফেরত দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন।
লিখিত বক্তব্যে আবদুল মান্নান আকন্দ বলেন, বগুড়াসহ দেশের অনেক শিক্ষা
প্রতিষ্ঠান বছরের শুরুতে ভর্তির সময় সেশন ফির নামে শিক্ষার্থীদের কাছে তিন
থেকে চারগুণ অর্থ নিচ্ছে। অথচ গ্রামে সেশন ফি ৫০০ টাকা, পৌর/উপজেলা
এলাকায় এক হাজার টাকা এবং জেলা সদরে দুই হাজার টাকার বেশি হবেনা।
আকন্দ বলেন বিষয়টি নজরে এলে তিনি হাইকোর্টে রিট করেন। বিচারপতিরা এর সতত্য ও আইনগত দিক বিবেচনা করে গত ২ জুলাই রুল ও নির্দেশনা দেন। এ নির্দেশনায় বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, টিএমএসএস স্কুল অ্যান্ড কলেজ, এসওএস হারম্যান মেইনার স্কুল ও কলেজ, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ এবং সিটি বালিকা উচ্চ বিদ্যালয় সরেজমিন তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দেন। জেলা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জেলা শিক্ষা অফিস তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করেন। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ গত ১৭ ডিসেম্বর রিট পিটিশনের পূর্ণাঙ্গ রায় দেন। রায় অনুসারে বগুড়া জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজারের বেশি সেশন ফি নিতে পারবে না। হাইকোর্টের এ নির্দেশনা অমান্য করা আইনত অপরাধ।
তাই আবদুল মান্নান আকন্দ আদায় করা অতিরিক্ত সেশন ফির টাকা শিক্ষার্থীদের ফেরত দিতে অনুরোধ জানিয়েছেন।