বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে অবৈধভাবে মাটির উপরের স্তর (টপসয়েল) কাটার প্রতিরোধে অভিযান চালিয়ে ৪টি ড্রামট্রাকসহ ৪ জনকে আটক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে টপসয়েল কর্তন করার অপরাধে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইয়াকুব আলী সেখ (২১) ও সিহাব আলী সরকারকে (২২), ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় এবং সুমন মোল্লা ও ইমরান হোসেনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাতের আঁধারে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।