বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মোঃ রেজাউল করিমের ছেলে ও ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গ্রেফতারকৃতরা হলো-শহরের ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মোঃ আশিক (২২), একই মহল্লার জামাল শেখের ছেলে মোঃ সাকিব ইব্রাহিম (২৮) ও উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিসি ক্যামেরায় ধারণ হওয়া ঘটনায় দেখা যায়, রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরে ব্যস্ততম প্রেসক্লাব এলাকায় চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে আব্দুর রহমান রিয়াদ একটি সিএনজিচালিত অটোরিকশায় বসেছিলেন। এ সময় কয়েক দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভিতরেই প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নৃশংস এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মূহুর্তে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রোববার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন উল্লেখিতদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানিয়েছেন।