বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতি অবৈধ চাঁদা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সমিতির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আব্দুল হাদি। তিনি বলেন, রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে সিএনজি মালিক ও চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
চাঁদাবাজির সঙ্গে জড়িত হিসেবে তিনি সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা, অটোটেম্পু ও হিউম্যান হলার মালিক গ্রুপের কতিপয় নেতাকে দায়ী করেন। অবৈধভাবে সিএনজি থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিতে রাজি না হলে চালকদের হুমকি ধামকি দেয়া হয়। এতে সিএনজি মালিক ও চালকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি প্রবীন কুমার গুণ লিটন বক্তব্য রাখেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সম্পাদক এরশাদ আলী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।