বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার দিবাগত রাতে কালিয়াকৈর উপজেলা চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা উত্তর পাড়া এলাকার গাজী মোহাম্মদ মিজানুর রহমান ছেলে মোঃ মারুফ বিল্লাহ (২০), একই উপজেলার চরছোনগাছা এলাকার আবুল কাশেম ছেলে মোঃ মোতালেব হোসেন(২৫)। এসময় আটককৃতদের কাছ থেকে ০২ টি উগ্রবাদি বই, ০১ টি ট্যাব উদ্ধার করা হয়।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর কতিপয় সক্রিয় সদস্যরা খ্রিষ্টানদের বড় দিন এবং আগামী ৩১ ডিসেম্বর রাতে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
এদিকে, আজ বৃহস্পতিবার ভোরে গাজীপুর মহানগরের ফাতেমা নামে নারী মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাজাসহ আটক করা হয়েছে বলেও জানান তিনি।