বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে শেষ হলো মুক্তিযুদ্ধের বিজয়মেলা। ১৫দিনের এই মেলায় সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ নেয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।
সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া মেলার শেষ দিনে হাজার হাজার মানুষের উপচেপড়া ভিড় ছিল পুরো মেলা প্রাঙ্গন। মেলার মুল মঞ্চে সমাপনী বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, সদস্য সচিব এডভোকেট আবদুল মজিদ ফটো, মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেনসহ মেলা উদযাপন কমিটির অন্যান্য সদস্যগন।
মেলা পরিচালনাকারী সদস্যদের উপস্থিতিতে মেলা মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ করা হয় মেলার সমাপনী অনু্ষ্ঠান।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হউক আজকের প্রজন্ম- এই শ্লোগানে হানাদার মুক্ত দিবস উপলক্ষে গত ১৩ ডিসেম্বর এই মেলা শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই মেলার উদ্বোধন করেন।নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানো ও মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রতি বছরই ১৫দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলার মুল মঞ্চে প্রতিদিনই সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত মুক্তিযুদ্ধের আলোচনা, দেশাত্ববোধক গান, নাচ, নাটক, কবিতা আবৃত্তিসহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।
এছাড়া মেলায় সার্কাস, যাদু প্রদর্শন, নাগরদোলা, পুতুল নাচসহ হরেক রকমের আনন্দ উপভোগের জিনিসপত্র স্থান পায়। দুই শতাধিক স্টল নানান ধরণের পশরা সাজিয়ে বসে। পুরো ১৫দিনই জমজমাট থাকে মেলা প্রাঙ্গন। মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন, আত্মীয়স্বজনরা আসে মানিকগঞ্জে বেড়াতে। মেলা তৈরী হয় বিশাল মিলনমেলায়।
মেলা উদযাপন কমিটির সদস্যরা জানান, ১৯৯১ সাল থেকে এই মেলা শুরু হয়েছিল।