বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আর্যপুরুষ ‘মহাসাধক’ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০১তম শুভ জন্মজয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটি রাজবন বিহারে হাজার হাজার পূণ্যার্থীদের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয়েছে ‘মহাধর্মীয়’ উৎসব।
শুক্রবার দুপুরে দেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাঙ্গামাটি শহরে বৌদ্ধদের প্রধান ধর্ম গ্রন্থ ত্রিপিটকের বর্নাঢ্য র্যালি বের করা হয়। রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গণে ত্রিপিটক র্যালি উদ্বোধন করেন রাজবন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।
র্যালিটি শোভাযাত্রা সহকারে রাজবন বিহার প্রাঙ্গণ হতে শুরু হয়ে বিভিন্ন স্থান হতে শত শত গাড়ি যোগ দিয়ে বিশাল গাড়ি বহর যোগে পুরো রাঙ্গামাটি প্রধান মহাসড়ক পরিভ্রমণ করে রাজবন বিহারে গিয়ে আবারো মিলিত হয়। এসময় রাঙ্গামাটি পুরো শহরজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যেন এক মহামিলন মেলা।

র্যালিতে ছোট বড় সকলের হাতে বৌদ্ধ ধর্মের রঙ্গিন পতাকা এক আন্দন্দঘন পরিবেশ সৃষ্টি করে। হাতে পতাকা নিয়ে মুখে বৌদ্ধ ধর্মের বুদ্ধ কি জয়, ধর্ম কি জয়’ শ্লোগানে দিতে থাকে আর মনের মধ্যে বনভান্তর পবিত্র বাণী মনে করেই নিজের জীবনের সকল পাপ মুক্তির আশাবাদ নিয়ে আর পার্বত্য এলাকার শান্তি যেনো অব্যাহত থাকে সে মনবাসনা মহান বুদ্ধের কাছে পৌঁছে দিতে চেয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
র্যালিতে মোটর সাইকেল ছাড়াও ট্রাক, পিকআপ, জীপ, অটোরিকশা, মাইক্রোবাসযোগে কয়েক হাজার পূর্নার্থী অংশ নেন। এ সময় ভক্ত ও পূর্নাথীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ধর্মগ্রন্থ ত্রিপিটকবাহী গাড়ী বহরে ফুল ছিটিয়ে দিয়ে শ্রদ্ধা জানান ও বিভিন্ন দানীয় সামগ্রী দান করেন।
উল্লেখ্য, দেশের বৃহত্তম বৌদ্ধ মন্দির রাঙ্গামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্মগ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ (বিশেষ কফিন) অবস্থায় রাঙ্গামাটির রাজবন বিহারে রাখা হয়েছে। তারই জন্মজয়ন্তীর স্মৃতিস্মরণে রাঙ্গামাটি শহরজুড়ে আয়োজন করা হয় ধর্মীয় উৎসব।