বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইরে অজ্ঞাতনামা এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা আগুন দিয়ে ঝলসিয়ে দিয়েছে।
মঙ্গলবার দুপুরে সিঙ্গাইর থানার পুলিশ আগুনে ঝলসানো ওই লাশ উদ্ধার করেছে। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক জিন্সের প্যান্ট পরিহিত ছিল।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের চর গোলড়া এলাকার চকের মধ্যে আগুনে পোড়া এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর হবে। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত যুবকের পরিচয় সনাক্ত ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।