বাংলা হেডলাইনস: বাংলাদেশ হাইকমিশন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস পালন করেছে।
বিকেলে চান্সারি প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানের নেতৃত্বে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়, তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে হাইকমিশনার তারিক আহসান ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কর্তৃক ইন্টারন্যাশনাল মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে
অন্তর্ভুক্তির কথা উল্লেখ করে বলেন, অগ্নিঝরা মার্চে মুক্তিপাগল বাঙালি তার মনের কথারই প্রতিধ্বনি খুঁজে পায় এই ভাষণটিতে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।