বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষণবয়ড়া গ্রামে ভেজাল গুড় তৈরির দায়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার সন্ধ্যার দিকে ওই গ্রামের কারখানায় অভিযান চালানো হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় গুড় শ্রমিকদের দ্বারা বড় ট্রেতে চিনি, ময়দা, হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় একত্রে চুলায় জাল দিয়ে গুড় তৈরি দেখতে পান ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে কারখানার মালিক হায়দার আলীকে ৫০ হাজার টাকা জরিমানা ও মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় ধবংস করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান, পৌর সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।