বাংলা হেডলাইনস: তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বিএনপি’র উদ্দেশে বলেছেন, ‘দায়িত্বহীন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলার সময় এটি নয়। এখন সময় হচ্ছে, সমস্ত দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে করোনা’র মহাদুর্যোগ থেকে দেশকে, দেশের মানুষকে, জাতিকে রক্ষা করা।’
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতৃবৃন্দের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী একথা বলেন। তথ্যসচিব কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ-জাতি, পৃথিবী যখন এমন একটি মহাদুর্যোগের ক্রান্তিকাল অতিক্রম করছে, তখন আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু দায়িত্বহীন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। যেমন গতকাল রিজভী সাহেব বলেছেন, ‘আওয়ামী লীগ করোনার চেয়েও ভয়ঙ্কর’। এর ক’দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, ‘আওয়ামী লীগ করোনায় আক্রান্ত’। এ ধরনের দায়িত্বহীন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলার সময় এটি নয়। এখন রাজনীতি করার সময় নয়। এখন সময় হচ্ছে সমস্ত দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে দেশের মানুষকে জাতিকে রক্ষা করা।
‘অনেকে টেলিভিশনে টক’শোতে গিয়েও নানাধরনের কথা বলছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াই’ বলেন ড. হাছান মাহ্মুদ।