বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে আরও নতুন ২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে কোভিড-১৯ এ আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৫৬ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন কোন মৃত্যু নেই। অর্থাৎ এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৬ জন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে যেন কমপক্ষে ২ টি করে নমুনা সংগ্রহ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকার মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে করোনা পরিস্থিতির উপর নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিঙে এমআইএস পরিচালক ডা. হাবিবুর রহমান এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ১৪১ টি নমুনা আমরা পরীক্ষা করেছি। এর মধ্যে ২ জনকে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে আমরা প্রকাশ করতে পেরেছি। এই নতুন দুজনসহ বাংলাদেশে মোট ৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
তিনি বলেন আক্রান্ত ২ জনই পুরুষ। এক জনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এবং অপর জনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে।
হাবিবুর রহমান বলেন গত ২৪ ঘণ্টায় কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেনি।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেয়েছি আজকের মধ্যে প্রত্যেক উপজেলা থেকে যেন কমপক্ষে ২টি নমুনা সংগ্রহ করা হয়।