বাংলা হেডলাইনস রাজশাহী : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও গণসচেতনতা সৃষ্ঠি করতে রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।
বৃহস্পতিবার রাজশাহী মহানগর, জেলার পুঠিয়া, দুর্গাপুর, বাঘা, বাগমারা ও তানোর উপজেলায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জরিমানা আদায় করা হয়।
অভিযানে করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য ও মোটরযান চলাচলের সাধারণ নির্দেশনাবলী লঙ্ঘনের অভিযোগে ৭৮ জনকে জরিমানা করা হয়। এ নিয়ে গত তিনদিনের অভিযানে রাজশাহীতে মোট ১১২ জনের অর্থদন্ড করা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার বিভিন্ন নির্দেশনা দিয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করতে নিষেধ করা হচ্ছে। বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে জোর দেয়া হচ্ছে।
তিনি বলেন, সাধারণ মানুষকে সচেতন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে তিনদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি আদেশ অমান্যকরণ ও অবহেলাজনিত কাজের মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের বিস্তার সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।