অবশেষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীর অবিরাম ১২ দিনের আন্দোলনের মুখে আজ সোমবার পদত্যাগ করলেন।
আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা ভিসি নাসিরের পদত্যাগের খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনন্দ উল্লাসে ফেটে পরে।
শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের ভিসি নাসিরের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা তার (ভিসি নাসিরের) পদত্যাগপত্র পেয়েছি। এখন আইন অনুযায়ী এটি যেভাবে প্রক্রিয়াকরণ করা প্রয়োজন আমরা সেই প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গত ১৮ সেপ্টেম্বর থেকে ভিসি নাসিরউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ছাত্র-ছাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলনে নামে।
ভিসি নাসিরউদ্দিনের গতকাল রবিবার রাতে পুলিশ পাহারায় ক্যাম্পাস ত্যাগ করে।