বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে কর্মহীন, দুস্থ্ ও অসহায় মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলে সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।
গত দুইদিন ধরে তার নির্বাচনী এলাকা ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
রবিবার সকালে শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট, শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন, আরিচাস্থ্ জেলা পরিষদ ডাকবাংলো ও বন্দর সমিতি অফিসের সামনে স্থানীয় দু:স্থ মানুষের মাঝে নিজস্ব অর্থে ক্রয়কৃত খাদ্য সামগ্রী বিতরন করেন।
দুপুরে ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাঠইমুড়ি মাজার প্রাঙ্গনে স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে অবস্থানের আহবান জানিয়ে ১৫০ জন কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ৫ কেজি করে চাউল, ৩ কেজি আটা, ১ কেজি আলু, হাফ লিটার তেল, আধা কেজি পেয়াজ, আধা কেজি করে লবণ ও ১ টি করে সাবান, আধা কেজি করে ডাউল বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা পরিষদের সদস্য আবুল বাশার,নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের ও নালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ খানসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
তিনি বলেন, সরকারি ত্রাণ সহযোগিতার পাশাপাশি আমার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে। করোনার প্রতিরোধ নির্দেশনা মেনে চলতে হবে।কারন একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাস প্রতিরোধ করতে।
দুর্যোগ মোকাবেলা ও দুস্থদের খাদ্য সহায়তার জন্য সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।