বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে ছেলের মৃত্যু দেখে মায়েরও মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় দিকে উপজেলার বেকড়া ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃতরা হলেন ওই গ্রামের মৃত তালেবর মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৭৫) ও তাদের ছেলে শামছুল মিয়া (৫৫)।
এই ঘটনায় এলাকায় করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে স্বাস্থ্যকর্মী গিয়ে স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করে। পরে দুপুর ৩ টার দিকে মুশুরিয়া গ্রামের সামাজিক কবরস্থানে নামাযে জানাজা শেষে মা ও ছেলেকে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন ‘আমি স্বাস্থ্যকর্মী পাঠিয়ে খোঁজ নিয়েছি মৃত শামছুল দীর্ঘদিন যাবৎ লিভারসিরোসিস রোগে আক্রান্ত ছিল। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই’।
স্থানীয়রা জানান, শামছুল মিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন আগে বাড়িতে চলে আসেন।
সোমবার দুপুর ১২টার দিকে আরও অসুস্থ হয়ে তিনি মারা যান। চোখের সামনে মৃত্যু দেখে ঘটনাস্থলেই মা ফাতেমা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।