বাংলা হেডলাইনস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক ক্যাপ্টেন আব্দুল মাজেদকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে ।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, গতরাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন এই খুনি শুধু বঙ্গবন্ধু হত্যায় অংশগ্রহণ করেনি, তিনি জেল হত্যায়ও অংশগ্রহণ করেছিলেন। খুনের পর জিয়াউর রহমানের নির্দেশমতে তিনি বঙ্গভবন সহ অন্যান্য জায়গায় কাজ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন আমরা আশা করি আদালতের নির্দেশমতে তার দণ্ডাদেশ কার্যকর করতে পারবো।
পুলিশ সুত্রে জানা যায় , কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের একটি দল রাত সাড়ে ৩টার দিকে মাজেদকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার মাজেদকে কোর্টে পাঠানো হলে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর দুই কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান।
বঙ্গবন্ধুর পাঁচ হত্যাকারী সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি ২০১০ সালের জানুয়ারি মাসে কার্যকর হয়।