বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: করোনা সংক্রমণরোধে নদী পথে নৌকা ও ট্রলারযোগে যাত্রীপরিবহন বন্ধে মানিকগঞ্জে পদ্মা যমুনায় পুলিশের নৌ অভিযান শুরু হয়েছে।
শনিবার থেকে শিবালয়ের আরিচাঘাট, পাটুরিয়াঘাট এবং হরিরামপুরের আন্ধারমানিক এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। নদীতে টহল চলাকালে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একাধিক নৌকা ও ট্রলারকে উল্টো পথে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
অভিযান চলাকালীন সময়ে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থেকে ইটভাটার ৭০/৭৫ জন শ্রমিক নৌকাযোগে এ পথে কুড়িগ্রাম যাচ্ছিল। পুলিশ এদের গতিরোধ করে উল্টোপথে ফিরিয়ে দেয়। এসময় শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ও শিবালয় থানা ওসি মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, করোনা সংক্রমন রোধে আরিচা-কাজিরহাট, পাটুরিয়া- দৌলতদিয়াসহ অভ্যন্তরীন রুটে ফেরি, লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ থাকলেও এক শ্রেণীর ট্রলার মালিক-শ্রমিকরা অধিক মুনাফার লোভে এ রুটে যাত্রী পারাপার করছে।
নদী পথে ট্রলার ও নৌকাযোগে যাত্রী পারপার করায় করোনা সংক্রমনের ঝুঁকি থাকায় জেলা পুলিশের নির্দেশনায় থানা পুলিশের নৌ-পেট্রোল অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহন করা হবে।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, সড়ক পথের মত নৌপথেও কঠোর নজরদারি রাখা হয়েছে। যেন কোন ধরনের নৌযানে অন্য অঞ্চল থেকে মানুষজন মানিকগঞ্জ অংশে আসতে না পারে। তাছাড়া জনসচেতনতা বদ্ধির লক্ষ্যে নদীতে মাইকিং করা হচ্ছে।