বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় শারমিন আক্তার (১৩) নামে এক শিশু মারা গেছে। ঝড়ে ওই কিশোরির বাবা ও কাইয়ুম নামের এক প্রতিবেশী আহত হয়েছেন।
বৃস্পতিবার বিকেলে প্রচন্ড কালবৈশাখী ঝড়ের এই ঘটনা ঘটে। নিহত শারমিন উপজেলার কলিয়া ইউনিয়নের বেকুউয়াইল গ্রামের আবু হানিফের মেয়ে। সে জগতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
কলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আইনুদ্দিন জানান, ঝড়ের সময় ওই কিশোরীসহ আরো দুইজন বাড়ির উঠানে আম কুড়াচ্ছিল। এসময় একটি নারিকেল গাছ ভেঙ্গে তাদের ওপর পড়লে ঘটনাস্থলে শিশু মারা যায়।
আহত হয় শিশুর বাবা হানিফ ও প্রতিবেশী কাইয়ুম। গুরুতর অবস্থায় তাদের দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, ঝড়ে কলিয়া ইউনিয়নসহ আশেপাশের এলাকার বেশ কিছু বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি ভেঙ্গে গেছে। গাছপালা ঘরবাড়ি সহ শিলাবৃষ্টিতে বেশির ভাগ ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে ।
জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আমার ইউনিয়নে প্রায় ২০টি বাড়িঘর, ২ শতাধিক গাছপালা ও ফসলি জমির ভূট্রাসহ আবাদি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে সদর চকমিরপুর ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে কালবৈশাখী ঝরের ভয়াবহ তান্ডবে প্রায় ২৫ টি কাঁচাঘর বাড়ি ৩ শত গাছপালা, বাঁশঝাড় সহ আবাদি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।