বাংলা হেডলাইনস: করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত সকল স্কুল কলেজ বন্ধ থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখন একটাও খুলবো না। সেটা আমরা কখন খুলবো, অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে। যদি করোনা ভাইরাস তখনও অব্যহত থাকে। যখন এটা ঠাণ্ডা হবে তখন খুলবো,’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন।
প্রধানমন্ত্রী আজ সোমবার সকাল ১০ টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, সিভিল সার্জন, নার্স এবং ইমাম এর সাথে করোনা প্রতিরোধে গৃহীত কার্যক্রম নিয়ে মতবিনিময় কালে এই কথা জানান।
তিনি বলেন সবচেয়ে বড় কথা মানুষকে বাঁচিয়ে রাখা এবং জীবন জীবিকার জন্য পথটা উন্মুক্ত রাখা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে সকল জায়গায় ভাইরাস বেশি দেখা যায়নি আমরা সে সকল জায়গা আস্তে আস্তে শিথিল করে দিচ্ছি। যাতে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারে বা ব্যবসা বাণিজ্য করতে পারে সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।
তিনি বলেন যাদের ছোট খাট ব্যবসা করোনার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ইতিমধ্যে সরকার ঘোষিত অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজে মাত্র ২ শতাংশ সুদে ঋণ নিয়ে ব্যবসা চালু রাখতে পারবেন।
তিনি বলেন যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে করোনার কারণে এই কয়েক মাস সবকিছু বন্ধ হয়ে গেছে ফলে ঋণের সুদ বেড়ে গেছে।
প্রধানমন্ত্রী তাদেরকে দুশ্চিন্তা চিন্তা না করার আহ্বান জানিয়ে বলেন এখনি সুদ নেওয়ার কথা না। অর্থমন্ত্রীর সাথে বসবো যাতে সুদ স্থগিত রাখে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে।
শেখ হাসিনা বলেন আমাদের ফসল ফলাতে হবে ও আরও উৎপাদন বাড়াতে হবে। কারণ কৃষিটাই হলো এখন একমাত্র আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ । আমরা নিজেরা যেমন খেতে পারবো এবং অন্য কোন দেশে যদি কোন অভুক্ত মানুষ থাকে তাদের সাহায্য করতে পারবো।